উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শুধু শারদোৎসবের দিনগুলিতে প্রতিমা আরাধনাই নয়, বছরভর নিরবচ্ছিন্ন সমাজসেবা ও মানবকল্যাণকে (Delhi Matri Mandir Durga Puja) পুজো অনুশীলনের মূল অঙ্গ করে তুলে নজির গড়েছে নয়াদিল্লির কালীবাড়ির ঐতিহ্যবাহী ‘মাতৃ মন্দির’ দুর্গাপুজো কমিটি। এই পুজো চত্বরে বছরে ৩৬৫ দিনই পশ্চিমবঙ্গ ও দেশের নানা প্রান্ত থেকে আসা দুস্থ ও অসুস্থ মানুষদের ভিড় থাকে। কেউ পান নিখরচায় ফিজিওথেরাপির সুবিধা, আবার অদূরেই অবস্থিত ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (AIIMS)-এ চিকিৎসা করাতে আসা হাজারো রোগী ও তাঁদের আত্মীয়রা এই মন্দিরেই পান অত্যন্ত স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুযোগ।
এ বছর ঐতিহ্যবাহী এই পুজো সগৌরবে পদার্পণ করল ৬০তম বর্ষে। পুজো কমিটির প্রধান স্বপন চক্রবর্তী জানান,“আমরা প্রতিবছর নিয়ম মেনে দেবীর মৃন্ময়ী রূপের আরাধনা তো করিই, কিন্তু তার পাশাপাশি আমাদের মূল লক্ষ্য থাকে ‘শিব জ্ঞানে জীব সেবার’ মাধ্যমে আসল নরসেবা করা। বাংলা কিংবা ভারতের যেকোনো প্রান্ত থেকে কোনো অভাবী বা অসুস্থ মানুষ আমাদের মন্দিরের দরজায় এলে আমরা কাউকে খালি হাতে ফেরাই না। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়িয়ে সেবা করার নিরন্তর চেষ্টা করি।”
শুরুর দিন থেকে আজ পর্যন্ত জাকজমকপূর্ণ থিম সংস্কৃতির কাছে নতি স্বীকার করেনি মাতৃ মন্দির। প্রথম বছরের মতো এবারও ঐতিহ্যবাহী একচালার সনাতনী প্রতিমাতেই দেবীর বন্দনা করা হচ্ছে।
উৎসবের দিনগুলিতে ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে এই পুজো মণ্ডপে। প্রতিবছর পুজোর দিনগুলিতে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে সুস্বাদু মহাপ্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক চর্চাকে জীবিত রাখতে প্রতি সন্ধ্যায় আয়োজন করা হয় নানা ধরনের বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের।

