উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দেশের রাজধানী (Delhi Hearth Tragedy)। দিল্লির বিবেক বিহার (Vivek Vihar) এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে প্রাণ হারালেন অন্তত ৯ জন। এই ঘটনায় গুরুতর আহত আরও ৪ জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এসি বিস্ফোরণের (AC Blast) ফলেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত।
জানা গিয়েছে, রবিবার ভোরে যখন স্থানীয় বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় ৩টে ৪৭ মিনিট নাগাদ দমকল বিভাগে আগুনের খবর পৌঁছায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন। চারতলা বাড়িটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতলা থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। পুলিশ ও দমকলের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ শুরু হয়।
দমকল সূত্রে খবর, মৃতদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে বিল্ডিংটির দ্বিতীয়তল থেকে। আরও তিনজনের নিথর দেহ পাওয়া যায় সিঁড়ির ওপর। এছাড়া প্রথমতলা থেকেও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা প্রায় ১০ থেকে ১৫ জনকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং পুড়ে যাওয়ার কারণে ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রমে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও বিল্ডিংটি ধোঁয়ায় ঢেকে রয়েছে। পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হলেও, শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
এই মর্মান্তিক ঘটনায় বিবেক বিহার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরণের অগ্নিকাণ্ড ফের একবার বড়সড়ো প্রশ্ন তুলে দিল দিল্লির অগ্নি-নির্বাপক ব্যবস্থা ও সুরক্ষা বিধির ওপর।
