উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের এক কলঙ্কজনক ঘটনার সাক্ষী থাকল দিল্লি। পুলিশের পরিচয়ে ১৭ বছরের এক কিশোরীকে (Minor) গণধর্ষণের অভিযোগ উঠল তিন তরুণের বিরুদ্ধে (Delhi Gangrape)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের নিকটবর্তী একটি পার্কে। ইতিমধ্যেই গুলির লড়াইয়ের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী ও তার এক বন্ধু কালকাজি মন্দিরে পুজো দিতে যান। সেখান থেকে বেরিয়ে তারা ওই এলাকার একটি পার্কে গিয়ে বসে। সেই সময় আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন অভিযুক্ত সেখানে এসে নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দেয়। তারা প্রথমে নির্যাতিতা ও তার বন্ধুকে ভয় দেখাতে শুরু করে এবং পরবর্তীতে অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পর নির্যাতিতা ও তার বন্ধুকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পিএসআর কলের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী (Delhi Police)। এরপর কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় এবং তার জবানবন্দির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা শুরু হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে। এরপর অমর কলোনির ডিএম অফিস রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় পুলিশের জালে ধরা পড়ে আসিফ নামে এক অভিযুক্ত। পুলিশের গুলিতে তার ডান পা জখম হয়। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। ভারতীয় ন্যায়সংহিতা সহ পকসো আইনে (POCSO Act) মামলা রুজু করেছে পুলিশ।
এদিকে, বিগত দশ দিনে দিল্লিতে গ্রহের একাধিক ঘটনায় নাগরিকদের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এনিয়ে এটি ছিল চতুর্থ ঘটনা। গত ১৩ সেপ্টেম্বর স্বরূপ নগরে এক কিশোরীকে খুন ও গণধর্ষণের ঘটনা ঘটেছিল। পরপর এই ধরনের অপরাধের খবর সামনে আসায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।

