ডালখোলাঃ প্রতিবছরই মায়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন ডালখোলার এক ব্যবসায়ী। অন্য বছরের মতো এবছরও মায়ের জন্মদিনে একই কর্মসূচি নিয়েছিলেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গুপ্তা। নিজের জন্মদিনে ছেলের এমন আয়োজনে খুশি ব্যবসায়ীর মা কিরণ গুপ্তা। রবিবার ডালখোলা পূর্ণিয়া মোড় সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গুপ্তা। বিগত আট বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন করে আসছেন তিনি। প্রতিবছরই এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ের আসেন শয়ে শয়ে মানুষ। গতবছর ৩৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছিলেন বলে জানা যায়। এই বছর সেই সংখ্যাটা সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছে। শিবিরের সংগৃহীত রক্ত শিলিগুড়ি, কিশনগঞ্জ, রায়গঞ্জ, পূর্ণিয়া এবং পাটনার ব্লাড ব্যাঙ্কে দেওয়া হয়ে থাকে বলে জানান ওই ব্যবসায়ী।
ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গুপ্তা বলেন, “কয়েক বছর আগে আমাদের শোরুমের এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে। তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। সে সময় তাঁর প্রয়োজনীয় রক্ত জোগাড় করতে হিমসিম খেতে হয়েছিল আমাদের। যদিও পরে আমাদের সংস্থার অন্য এক কর্মী রক্ত দিলে সে সুস্থ হয়। সেই ঘটনার কথা মাথায় রেখেই এই শিবিরের আয়োজন করার সংকল্প নিয়েছিলাম। আর মায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই দিনটাকেই বেছে নিয়েছি রক্তদান শিবিরের। এই শিবিরে আয়োজন করতে গিয়ে সব সময় ডালখোলা লায়ন্স ক্লাবকে আমরা পাশে পেয়েছি।”
অন্যদিকে ব্যবসায়ীর মা কিরণ গুপ্তা বলেন, ‘একজন মা হিসাবে ছেলের এই মহৎ উদ্যোগে আমি গর্বিত। এই শিবিরের সংগৃহীত রক্ত দিয়ে অনেক মায়ের কোল ফাঁকা হওয়া থেকে রক্ষা পাবে। জন্মদিনে মা হিসাবে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে।’
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজী ফিরোজ আহমেদ, ডালখোলা থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় সহ অন্যরা। সকলেই কুর্নিশ জানিয়েছেন ব্যবসায়ীর এই উদ্যোগকে।
