ডালখোলা: আধার জালিয়াতি মামলার তদন্তে নেমে বিপিএম (ব্রাঞ্চ পোস্টমাস্টার)-এর ছেলেকে গ্রেপ্তার করলো এসটিএফ (STF)। বুধবার গভীর রাতে ডালখোলা (Dalkhola) পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উত্তর ডালখোলায় নিজের বাড়ি থেকে এসটিএফ ওই তরুণকে ধরে নিয়ে যায়। ধৃতের নাম গিরিধারী রায়। তার মা পারুল রায় অসুরাগড়ের ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কর্মরত। রাতেই ধৃতকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে এসটিএফ।
গত মাসে আধার জালিয়াতির অভিযোগে কানকি পোস্ট অফিসের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তরুণের মায়ের অভিযোগ, তাঁর ছেলে নির্দোষ। তাঁর বক্তব্য, ‘আমার অফিসে শিশুদের আধার কার্ড বানানোর জন্য আইডি ছিল। সেই আইডি থেকে কাজ করা হত। বর্তমানে সে কাজও বন্ধ রয়েছে। ছেলে আমার অফিসের অনলাইনের কাজে আমাকে সাহায্য করতো। গত রাতে ১১টা নাগাদ স্থানীয় পুলিশের সঙ্গে সাত থেকে আট জন বাড়িতে আসে। তাঁরা নিজেদেরকে এসটিএফ বলে পরিচয় দেন। এরপর ওঁনারা আমাকে এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। এমনকি আমাকে জানানো হয়, ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা নিয়ে যাওয়া হবে। এমনকি তারা আমার অফিসে আধার ডিভাইসটিও নিয়ে যায়। পাশাপাশি আমাদেরকে কলকাতার একটি ঠিকানা দিয়ে যায়।’ মহিলার মত, ছেলেকে এসটিএফ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে থাকতে পারে। জানা গিয়েছে, ওই তরুণ বর্তমানে হিমাচলপ্রদেশের একটি কলেজ থেকে বিএসসি পড়ছে। সে কোনও বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকলে, এভাবে বাড়িতে থাকতো না।
এবিষয়ে ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ যদি আধার জালিয়াতি মামলায় জড়িত থাকে, তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি এই কাজের সঙ্গে আরও কেউ বা কারা জড়িত আছে কিনা, তা তদন্ত করে বের করা উচিত। এবিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপার বক্তব্য, বিষয়টি তাঁর জানা নেই।
