Cristiano Ronaldo | আন্তর্জাতিক ফুটবলকে অলবিদা রোনাল্ডোর, শেষ হচ্ছে ২৩ বছরের অধ্যায়

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর জাতীয় দলের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন ৪১ বছরের এই ফুটবলার।

ভিডিও বার্তায় রোনাল্ডো বলেন, “পর্তুগালের মানুষ, জাতীয় দলের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেওয়ার দিন এসে গিয়েছে। জার্সিটি কখনও শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে সেটি পরার, রক্ষা করার এবং বিশ্বের নানা প্রান্তের স্টেডিয়ামে সেই জার্সি নিয়ে নামার সুযোগ ও দায়িত্ব পেয়েছি।”

২০০৩ সালের অগাস্টে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু হয়েছিল রোনাল্ডোর। সেই অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আজ সময় এসেছে ভবিষ্যৎ প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়ের কথাও শুনতে হয়। ২০০৩ সালের অগস্টে শুরু হওয়া যে যাত্রা আমার জীবন চিরতরে বদলে দিয়েছিল, তার সমাপ্তি ঘটেছে।”

পর্তুগালকে ২০১৬ সালের ইউরো কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোনাল্ডো। তাঁর নেতৃত্বে দেশটি দু’বার উয়েফা নেশনস লিগও জিতেছে। জাতীয় দলের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। ছ’টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন রোনাল্ডো। শেষ বিশ্বকাপে শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। বিশ্বকাপের ছ’টি পৃথক আসরে গোল করা একমাত্র ফুটবলারও তিনি। তবে কেরিয়ারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

জাতীয় দলের হয়ে তাঁর অভিজ্ঞতা শুধু গোল, রেকর্ড বা ট্রফিতে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন রোনাল্ডো। বিদেশে থাকা পর্তুগিজদের সঙ্গে ফুটবলের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, জয়-পরাজয়ের স্মৃতি এবং দেশের জার্সির জন্য নিজের সীমা ছাপিয়ে যাওয়ার চেষ্টার কথাও বলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *