Cooch Behar Airport | বছরের শেষ তিনদিনও ‘বিমানহীন’ কোচবিহার! অনিশ্চিত পরিষেবা

Cooch Behar Airport | বছরের শেষ তিনদিনও ‘বিমানহীন’ কোচবিহার! অনিশ্চিত পরিষেবা

শিক্ষা
Spread the love


তন্দ্রা চক্রবর্তী দাস, কোচবিহার: সোমবার বাতিল হওয়ার পর বছরের শেষ দু’দিনও কোচবিহারে বিমান পরিষেবা মিলছে না। ফলে বছরের শেষ তিনদিন কোচবিহার বিমানবন্দর (Cooch Behar Airport) কার্যত বিমানবিহীন থাকছে। অজানা কারণ দেখিয়ে একের পর এক উড়ান বাতিল হওয়ায় গত এক মাস ধরেই কোচবিহার-কলকাতা বিমান যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট সংস্থা কি নির্দিষ্ট সময়ের আগেই বিমান পরিষেবা বন্ধ করে দিতে চাইছে বলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টর (এএআই–কোচবিহার) শুভাশিস পাল অবশ্য বলেন, ‘পরিচালনগত কারণে সোমবার কোচবিহারে কোনও বিমান আসেনি। বছরের শেষ দু’দিনও কোচবিহারে বিমান আসবে না।’

উল্লেখ্য, উড়ান প্রকল্পের আওতায় ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৯ আসন বিশিষ্ট একটি ছোট বিমানে কোচবিহারে বিমান পরিষেবা চালু হয়। ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা হয়ে কোচবিহারে আসা এই বিমানটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। কোচবিহার থেকে কলকাতায় দ্রুত যাতায়াতের জন্য বহু মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) সঙ্গে ওই বিমান সংস্থার তিন বছরের চুক্তি হয়েছিল। তবে সেই চুক্তি পুনর্নবীকরণ করা হচ্ছে না বলে জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জানুয়ারির ৩১ তারিখের পর তারা আর কোচবিহারে বিমান পরিষেবা চালাতে পারবে না। যদিও বাস্তবে দেখা যাচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মাঝেমধ্যেই উড়ান বাতিল হওয়ায় পরিষেবা কার্যত টালমাটাল হয়ে পড়েছে। এতে কোচবিহারবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিমান পরিষেবা চালু রাখার দাবিতে কোচবিহার ডিস্ট্রিক্ট মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে গত ২৬ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ জানান। তিনি বলেন, ‘আপৎকালীন পরিস্থিতিতে একদিন পরিষেবা বন্ধ থাকলে তা মেনে নেওয়া যায়। কিন্তু ঘনঘন এমন হলে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এতে কোচবিহারবাসীর আবেগ নিয়ে খেলা হচ্ছে।’ তাঁর আশঙ্কা, কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা বন্ধ হয়ে গেলে জেলার সামগ্রিক উন্নয়নের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

সূত্রের খবর, কোচবিহার-কলকাতা রুটে নতুন একটি বিমান সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সংস্থার কাছে এখনও নিজস্ব বিমান নেই। লিজে বিমান নিয়ে তারপর চুক্তি চূড়ান্ত হলে পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। ফলে আদৌ কবে কোচবিহারে নতুন করে বিমান পরিষেবা চালু হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *