কোচবিহার: অন্ধ্রপ্রদেশের বাবুজিনগর থেকে ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) প্রতারণা চক্রের ২ মূল পাণ্ডাকে সোমবার কোচবিহারে (Cooch Behar) নিয়ে এল কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা। এদিন দুপুরে জেলা পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে সেকথাই জানান।
৩১ জানুয়ারি বিশাখাপত্তনম (Visakhapatnam) থেকে পিল্লা নানি (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল কোচবিহার জেলা পুলিশ (Police)। তাঁকে জেরা করে আরও দুই ব্যক্তির নাম জানতে পারে পুলিশ। তারা হলেন সাকালা মহেশ (৩২) ও শেখর বারলা (৩০)। এই দুই অভিযুক্তকে এদিন গ্রেপ্তার করে নিয়ে আসে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এরপর দুপুর নাগাদ সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘উত্তরবঙ্গে কোচবিহার জেলা পুলিশই প্রথম ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে প্রথমে একজন ও পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মহারাষ্ট্রেও সাইবার প্রতারণার মামলা রয়েছে। আমরা মহারাষ্ট্র পুলিশকে এই সংক্রান্ত তথ্য পাঠিয়েছি।’
উল্লেখ্য, ৮ জানুয়ারি বক্সিরহাটের ভানুকুমারির প্রাক্তন শিক্ষক উত্তমকুমার পালের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ফোন আসে। সেখানে প্রতারক নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে জানান, উত্তমবাবু টাকা প্রতারণার একটি মামলা জড়িত রয়েছেন। এরপর জেরার নামে ৮ জানুয়ারি উত্তমবাবুর কাছ থেকে ২ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। সেই ঘটনার তদন্তে নেমে পিল্লা নানিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সাকালা ও শেখরের হদিশ পায়। প্রায় ১০ দিন আগে জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক বিপন সুব্বার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মৃণাল লামা ও ৪ কনস্টেবল অন্ধ্রপ্রদেশে যান। সেখান থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।
