CNG Worth Hike Delhi | একলাফে প্রায় ৪ টাকা বাড়ল সিএনজি-র দাম, সাধারণ মানুষের পকেটে বড় কোপের আশঙ্কা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মূল্যবৃদ্ধির বাজারে আবার বড়সড় দুঃসংবাদ। জাতীয় রাজধানী দিল্লিতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG Worth Hike Delhi)-র দাম কেজিতে প্রায় ৩.৮৯ টাকা বাড়াল সরবরাহকারী সংস্থা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)। শনিবার সকাল ৬টা থেকেই এই বর্ধিত দর কার্যকর হয়েছে। এর ফলে দিল্লিতে সিএনজি-র নতুন দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৮৬.৯৮ টাকা, যা এতদিন ছিল ৮৩.০৯ টাকা। দিল্লির এই দাম বৃদ্ধির প্রভাবে গোটা দেশেই উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, দিল্লির পর খুব শীঘ্রই অন্যান্য রাজ্যেও সিএনজি-র দাম বাড়তে পারে, যার প্রভাব থেকে বাংলাও রেহাই না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্ব বাজারে প্রাকৃতিক গ্যাসের চরম অস্থিরতা এবং দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। আইজিএল-এর প্রেস বিবৃতি অনুযায়ী, পশ্চিম এশিয়ার নতুন রাজনৈতিক সংকট এবং হরমুজ প্রণালী দিয়ে এলএনজি (LNG) পরিবহন ব্যাহত হওয়াই এই মূল্যবৃদ্ধির অন্যতম মূল কারণ। আন্তর্জাতিক বাজারে ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে ইউরোপীয় টিটিএফ (TTF) গ্যাসের দাম প্রতি এমএমবিটিইউ-তে ১১.৩৬ ডলার থেকে ১০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৩৫ ডলারে। একইভাবে এশিয়ার জেকেএম এলএনজি-র দাম প্রায় ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩.৪১ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে লাগামহীন দাম বাড়লেও দিল্লিতে এতদিন তুলনামূলক কম হারে দাম সমন্বয় করা হয়েছিল।

তবে বর্তমানে ভারতে সিএনজি-র ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত স্পট এলএনজি-র ওপর নির্ভরতা অনেক বেড়েছে। তার ওপর শীতকাল ঘনিয়ে আসায় ইউরোপের দেশগুলিতে গ্যাস মজুত করার হিড়িক পড়েছে, যা আন্তর্জাতিক বাজারে দর আরও চড়িয়ে দিয়েছে। সিএনজি মূলত অটো, ক্যাব এবং বাণিজ্যিক যানবাহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে এই হারে দাম বাড়ার পর রাজধানীতে অটো ও ক্যাব ভাড়া একলাফে বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিবহন খরচ বাড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপরেও তার প্রভাব পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *