উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার পর থেকেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তা সুনিশ্চিত (Safety) করতে কড়া নির্দেশ দিলেন তিনি। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় কোনও প্রকার আপস বা খামতি বরদাস্ত করা হবে না।
নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তাঁর যাতায়াতের পথ এবং রাজনৈতিক কর্মসূচিতে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে, তার জন্য কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের রহস্যমৃত্যুর পর রাজ্যের হাইপ্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেই আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বর্তমান সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদের মর্যাদা এবং প্রোটোকল রক্ষায় শুভেন্দুর এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক এবং সৌজন্যমূলক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বজায় থাকলেও, উল্লেখযোগ্য রদবদল আনা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সুরক্ষা বলয়ে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ‘জেড প্লাস’ ক্যাটিগোরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। একজন সাংসদ যে নিরাপত্তা পান, এখন শুধুমাত্র সেই নিরাপত্তাই পাবেন অভিষেক।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে কোনও ফাঁক যাতে না থাকে, তার জন্য বিভিন্ন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। সৌজন্য এবং প্রোটোকলের প্রশ্নে সরকার যে অনড়, সোমবারের বৈঠকের নির্যাস থেকেই তা পরিষ্কার।
