CM Suvendu Adhikari | আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তরকন্যায় মেগা বৈঠক, জোরদার প্রস্তুতি গেরুয়া শিবিরেও

CM Suvendu Adhikari | আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, উত্তরকন্যায় মেগা বৈঠক, জোরদার প্রস্তুতি গেরুয়া শিবিরেও

শিক্ষা
Spread the love


রণজিৎ ঘোষ ও নীতেশ বর্মন, শিলিগুড়ি: রাজ্যের ক্ষমতা পরিবর্তনে রীতির বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় প্রশাসনিক বৈঠকে ব্রাত্য থাকতেন বিরোধীরা। কিন্তু নিজের আমলের সূচনায় বিরোধীদের গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। যে কারণে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন কোচবিহারের সিতাইয়ের বিধায়ক সংগীতা রায়। যে পাঁচ জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, তাতে বিরোধী বিধায়ক বলতে তৃণমূলের সংগীতাই। যদিও পারিবারিক সমস্যা থাকায় তাঁর বৈঠকে না থাকার সম্ভাবনা বেশি। সংগীতা বলছেন, ‘সরকারি তরফে বৈঠকের আমন্ত্রণ পেয়েছি। কিন্তু ছেলের কিডনিতে পাথর থাকায় অস্ত্রোপচার হবে। যে কারণে আমি এখন উত্তরবঙ্গের বাইরে আছি। মনে হচ্ছে না বৈঠকে থাকতে পারব।’

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে (North Bengal Go to) আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব মনোজ আগরওয়াল, কয়েকজন মন্ত্রী ছাড়াও উত্তরকন্যায় (Uttarkanya) উপস্থিত থাকবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের প্রশাসনিক আধিকারিক ও বিধায়করা। বৈঠককে কেন্দ্র করে উত্তরকন্যা যেমন এখন চরম ব্যস্ত, তেমনই সাজোসাজো রব বিজেপি শিবিরেও। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকারের চার্টার্ড বিমানে সকাল ৯টা নাগাদ দমদম থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু। সকাল ১০টায় বাগডোগরায় পৌঁছে তিনি সরাসরি সড়কপথে মাল্লাগুড়িতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কার্যালয়ে যাবেন। সেখানে দলের জেলা নেতৃত্বের তরফে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যদি বিশ্রাম নেন, সেই কথা মাথায় রেখে দলীয় কার্যালয় সংলগ্ন একটি হোটেলে দুটি ঘর বিশেষভাবে তৈরি রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু দলীয় কার্যালয়ে পা রাখবেন, সে কারণে মাল্লাগুড়ির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনকে সাজিয়ে তোলা হচ্ছে। দরজা, জানলা সমস্ত কিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রশাসনের তরফে স্নিফার ডগ দিয়ে পার্টি অফিসের ভিতরে, বাইরের অংশে পরীক্ষা করা হয় মঙ্গলবার। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার উত্তরবঙ্গে এসেই পার্টির দলীয় কার্যালয়ে যাওয়াকে ঘিরে দলের অন্দরেও সংবর্ধনা দিতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ‘মুখ্যমন্ত্রী দলীয় অফিসে আসবেন। দলের তরফে তাঁকে সংবর্ধনা জানানো হবে।’ শুভেন্দুর সফরকে কেন্দ্র করে এদিন বিজেপির জেলা কার্যালয়ে দুটি ধাপে বৈঠক হয়েছে। প্রথমে দলীয় নেতা, কর্মীদের নিয়ে বৈঠক করেছেন দলের জেলা সভাপতি অরুণ মণ্ডল। রাস্তার দুই ধারে মুখ্যমন্ত্রীকে দলের তরফে সংবর্ধনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলের মণ্ডল সভাপতি, জেলার নেতারা মুখ্যমন্ত্রীতে কখন, কারা কীভাবে সংবর্ধনা জানাবেন, তাও নির্দিষ্ট করা হয়েছে। দ্বিতীয় বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ছিলেন দলের জেলার শীর্ষ নেতারা।

প্রশাসনিক সূত্রে খবর, মাল্লাগুড়ি থেকে সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় সড়কপথে উত্তরকন্যার উদ্দেশে রওনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম উত্তরবঙ্গ সফরে বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভারের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরকন্যা যাওয়ার পথে, নাকি মিনি সচিবালয়ে পৌঁছে তিনি ভার্চুয়ালি উড়ালপুলটির উদ্বোধন করবেন, তা স্পষ্ট নয়। বরাবর বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। ফলে তাঁর উত্তরের প্রথম প্রশাসনিক বৈঠক থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের। বিকেল সাড়ে ৪টা নাগাদ মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর ফিরে যাবেন দক্ষিণবঙ্গে।

সিতাইয়ের বিধায়ক সংগীতা প্রশাসনিক বৈঠকে ডাক পেলেও, মঙ্গলবার রাত পর্যন্ত আমন্ত্রণ পায়নি শিলিগুড়ি পুরনিগম এবং মহকুমা পরিষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *