উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter Record) থেকে বেছে বেছে প্রায় ৫০ শতাংশ নাম বাদ দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার দুর্গাপুর রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। এসআইআর (SIR) প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী একে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখনও প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকাটি হাতে পাইনি। এটি কেন জনসমক্ষে আনা হচ্ছে না? সুপ্রিম কোর্টের রায়ের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু এখন আমি যা শুনছি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারবিভাগের বিবেচনাধীন ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে এই কাজ করা হয়েছে।”
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী আরও জানান যে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় আঘাত। অতিরিক্ত তালিকাটি কেন সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছে, তা নিয়েও তিনি সরব হন। তাঁর দাবি, ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে ইতিমধিই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
