উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : উত্তরবঙ্গের পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘ভুটান এবং সিকিমের জলে উত্তরবঙ্গে বন্যা হয়েছে। ১২ ঘণ্টায় টানা ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্যোগের সঙ্গে ম্যান মেড বন্যা। এত জল যাবে কোথায়?’
শনিবার রাত থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ, চেল, ঘিস, কালজানি সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। ক্ষতির মুখে পড়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলা। দুর্যোগে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, এখনও বহু এলাকা জলমগ্ন। বিপর্যস্ত উত্তরের জনজীবন। এই পরিস্থিতিতে এদিন উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। এখানকার পরিস্থিতির জন্য ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি। উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ‘ম্যান মেড বন্যা’ বলে উল্লেখ করেছেন।
তিনি জানিয়েছেন, প্রথমে তিনি যাবেন হাসিমারা। সেখান থেকে নাগরাকাটার দিকে যাবেন। যত দূর যাওয়া সম্ভব, তত দূর যাওয়ার চেষ্টা করবেন। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিকের দিকে যাবেন। বিপর্যয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এখানেই। বিপর্যয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমতা। যদিও বাস্তবে সেই সংখ্যা অনেকটাই বেশি।
