উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার মহালয়া উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সঙ্গে প্রকাশ করলেন দুর্গাপুজো নিয়ে তাঁর লেখা ও সুর করা একটি গান। সোশ্যাল মিডিয়ায় এই গানের একটি ভিডিও পোস্ট করেছেন মমতা (Durga Puja new tune)। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এদিন সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী। তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।’ এই পোস্টের সঙ্গেই নিজের তৈরি গানের ভিডিওটি প্রকাশ করেছেন।
গানের শুরুতেই কথাগুলি রয়েছে, ‘ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/ পূর্ণ শস্যভাণ্ডার/ শস্য সবুজ কারিগর।’ শস্য শ্যামলা বঙ্গে মা দুর্গার আগমনের বার্তা নিয়ে এই গান। ২ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি এখনও পর্যন্ত অনেকেই দেখেছেন। গানটির প্রশংসাও করেছেন অনেকে। যদিও পুজোয় মমতার গান প্রকাশ নতুন নয়। এবার তার ব্যতিক্রম হল না। এবছর বিভিন্ন পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর এই গান শোনা যাবে।
“জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী”
তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/2RoZDJcRTp
— Mamata Banerjee (@MamataOfficial) September 20, 2025
উল্লেখ্য, শনিবারই কলকাতার এক পুজোমণ্ডপের উদ্বোধন করতে গিয়ে এই গানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘পুজোর সময় আমি প্রতি বছর অন্তত একটা গান লিখি, সুর করি। এবারও একটা গান আমি তৈরি করেছি।’
