উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমরা দেখে নিতে পারি।’ রাজ্যবাসীকে অভয়বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। অশান্তির আগুনে জ্বলছে পড়শি দেশ নেপাল। তা নিয়েই জলপাইগুড়িতে (Jalpaiguri) দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানালেন, ‘দু’এক দিনের মধ্যে সকলকেই রাজ্য উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে। তাড়াহুড়ো করে নিজের বিপদ না ডেকে আনবেন না।’
তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে চা শ্রমিকদের পাট্টা বিলি সহ একাধিক কর্মসূচিতে যোগ দেন। এরপর ‘এভারেস্টের দেশের’ (Nepal) অস্থির পরিস্থিতি নিয়ে তামাম রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি কাল সারারাত উত্তরকন্যায় ছিলাম। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমাদের প্রশাসন দেখে নিতে পারে।’
