উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিনে গরম আর রাতে ঠান্ডা, আপাতত এই আবহাওয়াই রাজ্যের বেশিরভাগ জেলাজুড়ে। তবে শীতের এই কামব্যাক ভালোভাবেই উপভোগ করছেন রাজ্যবাসী। তবে এটি ক্ষণস্থায়ী, কারণ কিছুদিনের মধ্যেই ফের বাড়বে তাপমাত্রার পারদ (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শীতের প্রকোপ দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘোরাফেরা করছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা আপাতত পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে ৩-৪ দিন পর ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে শীতের কামব্যাক লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। আকাশ মূলত পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে— বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে তাপমাত্রা কমই থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা পুনরায় ২-৩ ডিগ্রি বাড়তে পারে। মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র।
