উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনেই রাজ্যের আবহাওয়া বড়সড়ো পরিবর্তনের মুখে (Climate Replace)। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বুধবার উত্তর থেকে দক্ষিণ—সমগ্র রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট আরও বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার বিশেষ করে জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এই জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া অস্থির থাকবে এবং বজ্রপাতের আশঙ্কা প্রবল।
