উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাপট দেখাবে ঘূর্ণাবর্ত (Climate Replace)। রবিবার থেকে ফের টানা বৃষ্টির সতর্কতা বঙ্গে। রাজ্যে এই মুহূর্তে বর্ষা সক্রিয় রয়েছে। মূলত ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই আরও কয়েকদিন বৃষ্টি চলবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে জেলাগুলিতে। সোমবার কোচবিহারে এবং বুধবার উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বর্ষণ।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
