উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে উপকূলবর্তী অঞ্চলে দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছে। যদিও এটি সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না। এর মূল অভিমুখ থাকবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে, তবুও এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Climate Replace)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে চলবে বৃষ্টি। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বৃহস্পতিবারও এই জেলাগুলির পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার এই দুর্যোগের দাপট আরও বাড়বে। সেদিন ঝড় ও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সরাসরি স্থলভাগে না ঢুকলেও এই গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা। এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে উপকূল অতিক্রম করবে এই গভীর নিম্নচাপটি। এর প্রভাবে উপকূলবর্তী উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে পর্যটকদের সমুদ্রসৈকতে নামতেও কঠোরভাবে বারণ করা হয়েছে। সাধারণ মানুষকেও সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

