উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে (Climate Replace)। আর তা আগামী ৪৮ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘সেনিয়ার’। বিশাখাপত্তনমের কাছাকাছি কোথাও স্থলভাগে আছড়ে পড়তে পারে এটি। যদিও ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে। তবে হাওয়ার গতিতে কিছু পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) শীতের আমেজ স্পষ্ট। ভোরের দিকে বাড়বে কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশা বেশি দেখা যাবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনও জেলাতে। তবে আগামী একদিনে কিছু জায়গায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। পরবর্তী দু’দিনে ফের চড়তে পারে পারদ।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া এখন শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে কলকাতায় পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা ১-২ ডিগ্রি ওঠানামা করলেও বড় কোনও পরিবর্তন হবে না।
