উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্য কলকাতার চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপের ভয়াবহ দুর্ঘটনায় (Chorbagan Incident) প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছানোর পর কড়া প্রশাসনিক পদক্ষেপ করল নবান্ন। ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে গিরিশপার্ক থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত কুমার ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বদলি হিসেবে এখন ওই থানার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত হীরক দলপতি। পাশাপাশি, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে এবং লালবাজারের গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ শুরু করেছেন।
সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির জেরে শহরজুড়ে যখন চরম বিশৃঙ্খলা তৈরি হয়, তখনই চোরবাগানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বছর চোরবাগানের পুজো নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক উন্মাদনা থাকায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা আগে থেকেই ছিল। উদ্যোক্তারা কিছু ব্যবস্থা নিলেও ভিড় সামলানোর ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি থেকে যায়। সপ্তমীর বিকেলে বৃষ্টি নামতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মণ্ডপের একাংশ ভেঙে পড়ে হুড়োহুড়িতে প্রায় ৩০ জন পদপিষ্ট হন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, তীব্র সঙ্কটের মুহূর্তে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা তো দূরে থাক, উল্টে ঘটনাস্থল থেকে সরে পড়েছিল। এছাড়া ঢোকার মুখের নকশা এবং বারবার দড়ি ফেলে ভিড় বাড়ানোর জেরে জনস্রোত সামলানো অসম্ভব হয়ে দাঁড়ায় বলেও অভিযোগ ওঠে। এই তীব্র অসন্তোষের মুখে পড়ে দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। দুর্ঘটনার পরপরই মণ্ডপটি পুরোপুরি বন্ধ করে দিয়ে আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা লড়াই চালিয়ে যাচ্ছেন, আর অন্যদিকে প্রশাসনও প্রশাসনিক রদবদল ও আইনি পদক্ষেপ ত্বরান্বিত করেছে।
The submit Chorbagan Incident | চোরবাগান মণ্ডপ বিপর্যয়: ২৪ ঘণ্টার মধ্যে ওসির অপসারণ, পরিস্থিতি খতিয়ে দেখতে সিট গঠন appeared first on Uttarbanga Sambad.
