চোপড়া: চোপড়ার(Chopra) বিডিও সমীর মণ্ডলের বদলির খবরে সোমবার সন্ধ্যায় ব্লক কংগ্রেসের উদ্যোগে মিষ্টি বিলি করা হল। এদিন ঘিরনিগাঁওয়ের লালবাজার এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে কংগ্রেসের ব্লক সভাপতি নিজের হাতে বাজার এলাকার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিলি করেন। কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ মসিরউদ্দিন জানান, এই বিডিও সাহেবের আমলে বিরোধীদের কোনওরকম মর্যাদা দেওয়া হত না। বিডিওর বিরুদ্ধে প্রশাসন মহলে বহুবার নালিশ জানিয়েও লাভ হয়নি। তার বদলির খবরে কংগ্রেস শিবির উচ্ছ্বসিত।
গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা করতে না পারায় একইভাবে বিডিওর বিরুদ্ধেক্ষোভে ফুঁসছে সিপিএম ও বিজেপি দুই দল। বিডিও সমীর মণ্ডল অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। রাজ্য জুড়ে প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি হয়েছে। সমীর মন্ডলের জায়গায় বিডিও হয়ে আসছেন সৌরভ মাঝি। এতদিন তিনি বারুইপুরের বিডিও ছিলেন।
