চোপড়া: চোপড়ার (Chopra) দাসপাড়া এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের দাবিতে মঙ্গলবার সিজেপি (CJP)-র উদ্যোগে একটি মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। দাসপাড়ার পির সাহেব মোড় এলাকায় যখন মিছিলের চূড়ান্ত প্রস্তুতি চলছে, সেই মুহূর্তে সেখানে পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
আন্দোলনকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে এবং মিছিলটি পণ্ড করে দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনো কর্মসূচির জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। নির্দিষ্ট অনুমতি না থাকার কারণে আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি আটকে দেয়। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
