উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় ভোটার তালিকায় সংশোধন বা এসআইআরের কাজ শেষ হয়েছে। শেষ হয়েছে এনুমারেশন ফর্ম (Enumeration type) সংগ্রহের কাজ। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় প্রায় ৫৯ লক্ষ ভোটারের (Voter) কোনও খোঁজ নেই। সংখ্যাটা ৫৮লক্ষ ১৭ হাজার ৮৫১। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছেন বা কোনওভাবে তাঁদের খোঁজ পাননি বিএলও-রা।
বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, “প্রায় ৫৯ লক্ষ নিঁখোজ ভোটারের পাশাপাশি আরও ৩০ লক্ষ আন ম্যাপড ফর্ম বা ভোটার (Unmapped Voter West Bengal) রয়েছেন বাংলায়। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে এই ৩০ লক্ষ ভোটার কোনও সম্পর্ক দেখাতে পারেননি। তাঁর বাবা, মা, দাদু, দিদা, ঠাকুমা-ঠাকুর্দা বা ভাই বোন কারও নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকা উচিত। তিনি এই রাজ্যের ভোটার হলে অবশ্যই তা থাকা উচিত। কিন্তু তাঁরা তা দেখাতে পারেননি”। সুব্রতবাবুর কথায়, “হিয়ারিংয়ে ৩০ লক্ষ আন ম্যাপড ভোটাদের মধ্যে কত জন প্রমাণ দাখিল করতে পারবেন, কত জন পারবেন না সেটা বড় বিষয়। সেই সংখ্যাটা হিয়ারিংয়ের আগে স্পষ্ট করে বলা সম্ভব নয়”।
আন ম্যাপড ভোটারের প্রসঙ্গে সুব্রত গুপ্ত দৃষ্টান্ত সহকারে বলেন, ‘যে সব ভোটারের বয়স হয়তো এখন ৪৫। তাহলে ২০০২ সালে তাঁর বয়স ২৩ বছর ছিল। তখন ভোটার তালিকায় কেন তাঁর নাম ওঠেনি হিয়ারিংয়ের সময়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে ভোটারকে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্তমান ভোটার তালিকা থেকে ৬০ লক্ষের অনেক বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। সেই সংখ্যা ৮০ লক্ষ ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।
