Chopra | কোটি টাকার স্কলারশিপ দুর্নীতি! রাজস্থান পুলিশের জালে চোপড়ার ৩ যুবক

Chopra | কোটি টাকার স্কলারশিপ দুর্নীতি! রাজস্থান পুলিশের জালে চোপড়ার ৩ যুবক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চোপড়া: কেন্দ্রের সংখ্যালঘু স্কলারশিপ প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra) হানা দিল রাজস্থান পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় চোপড়া থানার পুলিশের সহায়তায় রাজস্থান (Rajasthan) পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ এবং সাইবার জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল’ (NSP)-কে কেন্দ্র করেই এই জালিয়াতির জাল বিছানো হয়েছিল। অভিযোগ, রাজস্থানের নাগৌর জেলার প্রায় ২৫টি নামী স্কুল ও কলেজের পরিচয় ব্যবহার করে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিপুল সংখ্যক ভুয়া আবেদন জমা দেওয়া হয়েছিল। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পোর্টাল হ্যাক করে ওই সব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আসা বৃত্তির টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিচ্ছিল অভিযুক্তরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই দুর্নীতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্ত—মনসুর আলম, মুন্না মুস্তাফা ও জুবের আলম—চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বুধবার রাতে যৌথ অভিযানে তাদের পাকড়াও করা হয়। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাজেশ সিং জানিয়েছেন, এটি মূলত রাজস্থান পুলিশের একটি মামলা এবং চোপড়া পুলিশ তাদের প্রশাসনিক সহায়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। রাজস্থান পুলিশ তাদের চার দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা এবং সাইবার ক্রাইমের মতো একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।এই চক্রের সাথে আরও বড় কোনো আন্তঃরাজ্য গ্যাংয়ের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *