উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাজল, করিশ্মা বা ঐশ্বর্য— বলিউডের ‘ফিফটি প্লাস’ বিউটি বিগ্রেডে নবতম সংযোজন চিত্রাঙ্গদা সিংহ। আগামী অগাস্টেই ৫১-এ পা দেবেন এই মোহময়ী অভিনেত্রী। কিন্তু পর্দার চিত্রাঙ্গদাকে দেখলে সে কথা বিশ্বাস করা কঠিন। টানটান ত্বক আর ঈর্ষণীয় মেদহীন চেহারায় আজও তিনি টেক্কা দিতে পারেন নতুন প্রজন্মের নায়িকাদের। সম্প্রতি এক পডকাস্টে নিজের এই রূপের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী স্বয়ং।
চিত্রাঙ্গদার দিন শুরুর ‘থ্রি-স্টেপ’ মন্ত্র
চিত্রাঙ্গদার মতে, দামি প্রসাধন নয়, বরং সকালের খাদ্যাভ্যাসই বলে দেয় আপনার ত্বক কতটা উজ্জ্বল হবে। তিনি বিশ্বাস করেন, পেট পরিষ্কার আর হজমশক্তি ঠিক থাকলেই তার প্রতিফলন ঘটে চেহারায়। দেখে নিন তাঁর সকালের রুটিন:
১. উষ্ণ জলে দিন শুরু: ঘুম থেকে উঠেই এক মগ গরম জল খাওয়া চিত্রাঙ্গদার দীর্ঘদিনের অভ্যাস। এটি শরীরের টক্সিন বের করে দেওয়ার পাশাপাশি ত্বককে ভেতর থেকে আর্দ্র (Hydrated) রাখে।
২. জিরে-জোয়ানের ‘ম্যাজিক ড্রিঙ্ক’: চা-কফি নয়, অভিনেত্রীর বিশেষ পছন্দ জিরে ও জোয়ানের জল। সারা রাত এই দুই মশলা ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে নেন তিনি। খাওয়ার আগে মিশিয়ে নেন সামান্য লেবুর রস। হজম ক্ষমতা বাড়াতে এই পানীয়ের জুড়ি মেলা ভার।
৩. ব্রেকফাস্টের আগে ফলের ডায়েট: প্রাতরাশের আগে চিত্রাঙ্গদা নিয়ম করে খান একটি গোটা কিউয়ি এবং এক বাটি পেঁপে। কিউয়ি কোলাজেন তৈরিতে সাহায্য করে ত্বককে রাখে টানটান, আর পেঁপের অ্যান্টি-অক্সিড্যান্ট সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
বিশেষজ্ঞদের নজর: কেন এই রুটিন এত কার্যকরী?
চিকিৎসকদের মতে, জিরে ও জোয়ান হজমে সহায়ক এনজাইম ক্ষরণে সাহায্য করে, যা পরোক্ষভাবে ব্রণ ও ত্বকের সমস্যা কমায়। কিউয়ি ও পেঁপের কম্বিনেশন শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, বরং অকাল বার্ধক্য বা বলিরেখা রোধেও ম্যাজিকের মতো কাজ করে। অপরদিকে এই বয়সে পৌঁছেও চিত্রাঙ্গদা কার্যত প্রমাণ করে দিলেন, সঠিক জীবনযাত্রা আর সাধারণ কিছু দেশীয় অভ্যাসই হল আসল ‘অ্যান্টি-এজিং’ ট্রিটমেন্ট।
