মেখলিগঞ্জ: গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধ্যরাতে বড়সড় সাফল্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ (BSF)। বৃহস্পতিবার মধ্যরাতে চ্যাংরাবান্ধা এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ সালফার (Changrabandha Sulfur Seizure) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
মেখলিগঞ্জ মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জ থানার ওসি জটেশ চন্দ্র ঝা-র নেতৃত্বে পুলিশ ও বিএসএফের একটি যৌথ দল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৪১ কামাত চ্যাংরাবান্ধা এলাকায় সুধাংশু সরকারের বাড়িতে আচমকা হানা দেয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে বস্তা বোঝাই প্রায় ৪৫৫ কেজি ৮১০ গ্রাম সালফার উদ্ধার করা হয়। মোট নয়টি বস্তায় ভরা এই বিপুল পরিমাণ সালফার বাজেয়াপ্ত করে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তবে অভিযানের সময় বাড়ির মালিক সুধাংশু সরকার পলাতক ছিলেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত এলাকায় মজুত করে রাখা এই বিপুল পরিমাণ সালফার পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা ছিল। এর নেপথ্যে আন্তর্জাতিক কোনো স্মাগলিং চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই সালফার কাণ্ডের সঙ্গে আর কারা জড়িত এবং আশপাশে অন্য কোথাও আরও কোনো অবৈধ সামগ্রী মজুত রয়েছে কি না, সে বিষয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

