চ্যাংরাবান্ধা: সোমবার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে ভুটানগামী ট্রানশিপমেন্ট কার্গো ভারতে ঢুকতেই, প্রথমবারের মতো ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুসম্পন্ন হল চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে পাঠানো ট্রান্সশিপমেন্ট পণ্যবাহী কার্গোটি সমস্ত বাধা কাটিয়ে অবশেষে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করায় স্বস্তি দেখা গেছে ব্যবসায়ী মহলে। গত চার দিন ধরে ‘রোড পারমিট’–সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে থাকার পর অবশেষে সোমবার দুপুরে ভারতীয় কাস্টমসের অনুমতি মিলতেই ট্রাকটি সীমান্ত অতিক্রম করার প্রক্রিয়া শুরু হয়ে যায়।
এরপর বিকেলে বাংলাদেশ ও ভারতের কাষ্টমস আধিকারিকদের মধ্যে আলোচনা হওয়ার পর ভারতীয় বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে কার্গোটি সীমান্ত অতিক্রম করে চ্যাংরাবান্ধায় ঢোকে। জানা গিয়েছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের মার্চে স্বাক্ষরিত ট্রানশিপমেন্ট চুক্তি এবং পরবর্তী সচিব স্তরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথম ‘চট্টগ্রাম বন্দর–বাংলাদেশের সড়কপথ–ভারতের সড়কপথ’ ব্যবহার করে ভুটানে পণ্য পাঠানো হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত ও ভুটানের টানা সরকারি ছুটির কারণে অনুমোদন পেতে বিলম্ব হয়েছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে ‘ক্লিয়ারেন্স’ দেয় ভারতীয় কাস্টমস। এই বিষয়ে ব্যবসায়ী মহলের বক্তব্য, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভুটানকে ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া আঞ্চলিক বাণিজ্যকে শক্তিশালী করবে। পরীক্ষামূলক চালানটি ভারতের ভুটানগামী করিডোর দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছালে ভবিষ্যতে বড় আকারে পণ্য পরিবহনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
