চ্যাংরাবান্ধা: জন্ম থেকে শাহিদ আনোয়ার জানেন তাঁরা চার ভাইবোন—তিন দিদি এবং তিনি নিজে। কিন্তু এসআইআরের (SIR) জেরে রাতারাতি তাঁরা হয়ে গেলেন ছ’জন! যাঁর কোনও অস্তিত্ব নেই, এমন দু’জনকে নিজের ভাইবোন হিসেবে দেখে কার্যত স্তম্ভিত মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৫৫ পানিশালা এলাকার বাসিন্দা শাহিদ (Changrabandha)।
জানা গিয়েছে, শাহিদের বাবা হাসিবুল রহমান ২০০৫ সালে মারা যান। জীবিত থাকাকালীন ২০০২ সালে ভোটও দিয়েছিলেন তিনি। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শুরু হলে মা জাহানারা বেগম ও চার ভাইবোন ফর্ম ফিলাপ করে জমা দেন। কিন্তু সম্প্রতি শাহিদের তিন বোন—হাসিনা, মাহামুদা ও রূবিনা বেগমের কাছে শুনানির নোটিশ আসে। সেখানে দাবি করা হয়, তাঁরা চারজন নন, বরং ছয় ভাইবোন।
শনিবার মেখলিগঞ্জ বিডিও অফিসে শুনানির জন্য এসে ক্ষোভ উগড়ে দেয় শাহিদের পরিবার। শাহিদের প্রশ্ন, ‘আমার মৃত বাবাকে আর কারা বাবা হিসেবে দেখিয়েছে? যাদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই, তাদের জন্য কেন আমার বাবার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে?’ শাহিদের দিদি হাসিনা জানান, বাড়িতে ছোট সন্তানকে ফেলে রেখে দিনভর বিডিও অফিসে হেনস্থা হতে হয়েছে তাঁদের। বিএলও (BLO) বা সংশ্লিষ্ট আধিকারিকরা এই ভুলের কোনও সদুত্তর দিতে পারেননি।
এই বিষয়ে মেখলিগঞ্জের বিডিও নরেশ রাজ রাই জানান, ব্লকজুড়ে বর্তমানে এসআইআর-এর প্রবল চাপ চলছে। এখনও ওই পরিবারের লিখিত আবেদন তাঁর হাতে পৌঁছায়নি। তবে আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
