চ্যাংরাবান্ধা: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এল চ্যাংরাবান্ধায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনি এলাকায়। এদিন ওই গৃহবধূর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম চন্দ্রিকা সরকার। মৃতার এক চার বছরের ছোট্ট শিশুপুত্র রয়েছে বলেও জানা গিয়েছে।
ঘটনা প্রসঙ্গে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন,”মৃত গৃহবধুর নাম চন্দ্রিকা সরকার। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ আসেনি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ইতিমধ্যেই। সমস্ত ঘটনার তদন্ত করছি আমরা। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পাঠানো হয়েছে।”
এই বিষয়ে মৃতার দিদি চায়না বিশ্বাসের মন্তব্য, “বোনের সঙ্গে ভগ্নিপতির প্রায়শই ঝামেলা লেগে থাকত। বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ঋণ করা নিয়ে ঝামেলা ছিল। সব সময় বোনকে আত্মহত্যা করবে বলে ভগ্নিপতি ভয় দেখাত। এসব সহ্য করতে না পেরেই মারা গিয়েছে আমার বোন।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
