উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যা মামলায় অবশেষে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বৃহস্পতিবার জমা দেওয়া এই চার্জশিটে মোট ১১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঞ্চল্যকরভাবে এই মামলায় নাম রয়েছে সাগর ও সাহেব সোনকর নামের দুই বিজেপি কর্মী ভাইয়ের, যাদের কিছু দিন আগেই গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা।
সূত্রের খবর, ধৃত দুই ভাই ২০২০ সালে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার আগে অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, এই দুই ভাই-ই মূলত উত্তরপ্রদেশ থেকে ভাড়াটে খুনিদের ভাড়া করে এনেছিলেন। খুনের সুপারি বা বরাতের পাশাপাশি শ্যুটারদের নগদ টাকা দেওয়ার কাজটিও তাঁরাই করেছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই চন্দ্রনাথকে খতম করার ষড়যন্ত্র শুরু হয়েছিল। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলেও বিভিন্ন কারণে তা একাধিকবার পরিবর্তন করা হয়। অবশেষে গত ৬ মে চরম পরিণতি ঘটে।
এই চাঞ্চল্যকর মামলায় এখনও পর্যন্ত মোট ছয়জন ভাড়াটে শ্যুটারকে গ্রেপ্তার করেছে সিবিআই। পাশাপাশি, খুনের বরাত বা ডিল পাকা করার জন্য বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামে তিন ‘মিডলম্যান’ বা মধ্যস্থতাকারীকেও জালে বন্দি করা হয়েছে।
ধৃতদের জেরা করে ঘটনার অনেক গভীরে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি, এই মুহূর্তে পলাতক থাকা বাকি এক অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে সিবিআই।

