চালসা: কোনও প্রকার আর্থিক সংস্থান ছাড়াই কেবল মনের জোর আর দেশপ্রেমকে সঙ্গী করে পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন দুই দুঃসাহসী তরুণ। রাজস্থানের কোটার বাসিন্দা সত্য রবারি এবং মধ্যপ্রদেশের ভোপালের রাজ চৌহান—এই দুই তরুণের অনন্য পদযাত্রা শনিবার দুপুরে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় (Chalsa) এসে পৌঁছায়। হাতে জাতীয় পতাকা আর পিঠে ব্যাগ নিয়ে তাদের এই যাত্রা পথচলতি মানুষের নজর কেড়েছে।
১৫ রাজ্য পেরিয়ে লক্ষ্য এবার অসম গত ২০২৫ সালের ২৩ জুন নিজেদের ঘর থেকে বেরিয়েছিলেন সত্য ও রাজ। তাদের মূল লক্ষ্য হলো কোনো টাকা-পয়সা ছাড়াই পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণ করা। দীর্ঘ কয়েক মাসের পথচলায় তারা ইতিমধ্যেই ভারতের ১৫টি রাজ্য ভ্রমণ সম্পন্ন করেছেন। শনিবার চালসা থেকে তারা তাদের ১৬তম রাজ্য হিসেবে আসামের উদ্দেশ্যে রওনা দেন।
উষ্ণ সংবর্ধনা ও আতিথেয়তা এদিন চালসায় পৌঁছালে এই দুই তরুণকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। আশিহারা ক্যারাটে ফেডারেশন ইন্ডিয়ার চালসা হেডকোয়ার্টারের পক্ষ থেকে তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার কোচ সাহিল ভুজেল তাঁদের খাদা (তিব্বতি উত্তরীয়) পরিয়ে সম্মান জানান এবং তাঁদের যাত্রার সাফল্য কামনা করেন। স্থানীয় একটি হোটেলের পক্ষ থেকে তাঁদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
সহযোগিতাই একমাত্র সম্বল সত্য রবারি জানান, ‘আমাদের লক্ষ্য হলো অর্থ ছাড়াই পুরো দেশ ঘুরে দেখা। যাত্রাপথে আমরা সাধারণ মানুষের অভাবনীয় সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি। সেই উৎসাহ নিয়েই আমরা এগিয়ে চলেছি।’
দেশের নানা প্রান্তের সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হতে হতে এই দুই তরুণ এখন উত্তর-পূর্ব ভারতের দিকে পা বাড়িয়েছেন। তাদের এই অদম্য জেদ ও সাহস দেখে মুগ্ধ চালসার সাধারণ মানুষ।
