উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Election Consequence 2026) রাজ্যে পরিবর্তনের তীব্র ইঙ্গিত! গণনার ট্রেন্ড যত স্পষ্ট হচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি যখন প্রায় দুই-তৃতীয়াংশ আসনে লিড নিয়ে জয়ের দোরগোড়ায়, তখনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার খবর আসতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন (ECI)।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে তৃণমূল থমকে আছে ৯৫টি আসনে। এই ট্রেন্ড সামনে আসতেই গেরুয়া শিবিরে অকাল হোলি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই উল্লাসের সমান্তরালে পাল্লা দিয়ে বাড়ছে হিংসা। আসানসোলে কাউন্টিং হলের বাইরেই তৃণমূল নেতা-কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এমনকি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ও বীজপুরের তৃণমূল প্রার্থীরা বুথের ভেতরেই আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কোথাও আবার তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। যদিও সব ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপির এই অভাবনীয় সাফল্যের ট্রেন্ড কালীঘাটের মতো তৃণমূলের খাসতালুকেও পৌঁছে গিয়েছে। সেখানে বিজেপির কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চরম আকার ধারণ করায় উত্তেজনার পারদ চড়ছে। যদিও মমতা ও অভিষেকের বাসভবন সর্বদা পুলিশি নিরাপত্তায় মোড়া থাকে, তবুও বর্তমান অস্থির আবহে কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছে না। আধাসামরিক বাহিনীর জওয়ানরা ইতিমধেই সেখানে পাহারায় বসেছেন। কমিশনের এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিংসার খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট পুলিশ কমিশনার (CP) এবং জেলা শাসকদের ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। একদিকে আবির খেলা, অন্যদিকে পার্টি অফিসে আগুন—এই দুই বৈপরীত্যের মাঝে বাংলার ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার। গণনা শেষ হওয়ার আগেই কালীঘাটে কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য।
The publish Central Force at Mamata’s House | কালীঘাটে আধাসেনা! মমতা-অভিষেকের বাড়ির সামনে নজিরবিহীন নিরাপত্তা, বড় কিছুর আশঙ্কা? appeared first on Uttarbanga Sambad.
