উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা সংলগ্ন সিগন্যালে ভয়াবহ বিস্ফোরণে আটজনের মৃত্যু ও একাধিক মানুষের আহত হয়। ওই ঘটনায় দিল্লি পুলিশের (Delhi Police) তদন্তে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। ওই ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের আগে সন্দেহভাজন ব্যক্তি একটি চারচাকা আই২০ গাড়ি চালাচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের কিছুক্ষণ আগে সিসিটিভি ফুটেজে (CCTV Footage) গাড়িটিকে লালকেল্লা লাগোয়া সেনেহরি মসজিদের কাছে দেখা যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটি বিকেল ৩টে ১৯ মিনিটে ওই এলাকায় ঢোকে এবং প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে পার্ক করে রাখা হয়।
সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে যে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত গাড়ির জানালায় রেখে গাড়িটি নিয়ে পার্কিং লটে প্রবেশ করছে। গাড়ির চালককে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যেখানে তিনি নীল এবং কালো টি-শার্ট পরে আছেন। তৃতীয় ছবিতে রাজধানীর একটি ব্যস্ত রাস্তায় গাড়িটি দেখানো হয়েছে।
সূত্রের খবর, গাড়িটি পার্ক করা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে নামতে পারেনি। সে হয় কারও জন্য অপেক্ষা করছিল অথবা পার্কিং লটে নির্দেশনার অপেক্ষা করছিল।
এদিকে রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে, প্রতিবেশী হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের একদিন পরই দিল্লিতে এই ঘটনাটি ঘটে। ফরিদাবাদে পাওয়া অ্যামোনিয়াম নাইট্রেট, যা দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে উদ্ধার হওয়া বিস্ফোরক ও দিল্লিতে এই বিস্ফোরণের মধ্যে যোগসুত্র খুঁজছেন তদন্তকারীরা।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গাড়িটি পার্কিং এলাকা থেকে বেরিয়ে যায়, পার্কিং থেকে বের হওয়ার চার মিনিটের মধ্যে গাড়িটি সিগন্যালে চলে আসে। এরপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল সুত্রে খবর, গাড়িটি কোন রুটে লালকেল্লা (Pink Fort) এলাকায় পৌঁছেছিল সেটি ইতিমধ্যে সিসিটিভির সাহায্যে চিহ্নিত করা গিয়েছে। আই ২০ গাড়িটিকে শেষবার বদরপুর সীমান্ত দিয়ে শহরে ঢুকতে দেখা যায়।
এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে, ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি পুলিশ UAPA অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ধারা প্রয়োগ করেছে। দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলিতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ দ্বিতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়া বিহারেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
