Cargo Ship Sinks Off | ওডিশা উপকূলে ডুবল পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ! উদ্ধার ২ জন, নিখোঁজ আরও ২২

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমার কাছে এক ভয়াবহ দুর্ঘটনা। ওডিশার উপকূল (Odisha Coast) থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবল পানামার পতাকাবাহী (Panama-flagged) একটি পণ্যবাহী জাহাজ (Cargo Ship Sinks Off)। ‘এমভি ওশান-উইনার’ (MV Ocean Winner) নামের ওই পণ্যবাহী জাহাজটি ওডিশার পারাদীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। যাদের মধ্যে ২ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ২২ জন।

জানা গিয়েছে, গত ২০ অগাস্ট রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় ১,৭০০ টন আকরিক লোহা (Iron Ore) বোঝাই করে পারাদীপ বন্দর (Paradip Port) থেকে রওনা হয় জাহাজটি। কিন্তু শনিবার সমুদ্রের গভীর জলে, ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে এটি দুর্ঘটনার কবলে পড়ে। সকাল ১১:৪৮ নাগাদ শ্রীলঙ্কাস্থিত মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC)-এ জাহাজটির পরিচালনাকারী সংস্থা ‘ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়। জানানো হয়, জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেটি ডুবে গিয়েছে। জাহাজটিতে ২০ জন চিনের, ৩ জন মায়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক সহ মোট ২৪ জন নাবিক ছিলেন। ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় কোস্ট গার্ড (ICG) ও ভারতীয় নৌবাহিনী।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের ‘বরদ’ (Varad) এবং ‘আনমোল’ (Anmol) নামের দুটি জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে সহায়তা ও অনুসন্ধানের জন্য ‘বিজিত’ (Vijit) নামের আরও একটি জাহাজ মোতায়েন করা হয়। ভারতীয় কোস্ট গার্ডের জওয়ানরা লাইফ র‍্যাফট (Life Raft) থেকে ইতিমধ্যে ২ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাকি ২২ জন নিখোঁজ নাবিকের খোঁজে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য বঙ্গোপসাগরের ওই রুটে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে কী কারণে জাহাজটি ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *