উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সরকারি পদমর্যাদা কি বিলাসবহুল রাজকীয় আতিথেয়তার লাইসেন্স? ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) ডিরেক্টর বিবেক বানজালের (BSNL Director Vivek Bansal) প্রয়াগরাজ সফর ঘিরে ওঠা বিতর্ক এই প্রশ্নই উসকে দিয়েছে। ২০ টি টাস্ক, ৫০ জন কর্মী এবং অন্তর্বাস থেকে চিরুনি—সবকিছুর ফরমায়েশ দিয়ে তৈরি এক সরকারি নির্দেশিকা ঘিরে তোলপাড় শুরু হয়েছে টেলিকম মন্ত্রকে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এই ঘটনাকে “অগ্রহণযোগ্য এবং স্তম্ভিত করার মতো” বলে অভিহিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
ঘটনার প্রেক্ষাপট: আতিথেয়তা নাকি ক্ষমতার অপব্যবহার ?
বিএসএনএল-এর ডিরেক্টর (CFA) বিবেক বানজালের ২৫-২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজ সফরের কথা ছিল। কিন্তু সেই সফর শুরুর আগেই একটি অফিসিয়াল অর্ডার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, কর্তার স্নানের কিটে তোয়ালে, অন্তর্বাস, চটি (যা অর্ডারে ‘sleeper’ হিসেবে লেখা ছিল), তেল, চিরুনি এমনকি আয়না রাখার জন্যও আলাদা করে কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। হোটেলের ঘরে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে শেভিং কিট—বাদ ছিল না কিছুই।
সিন্ধিয়ার কড়া অবস্থান ও শোকজ
বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ক্ষোভ প্রকাশ করেন। সরকারি সূত্রের খবর, মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বানজালকে সাত দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। বিএসএনএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরণের আচরণ (VIP Tradition) সংস্থার পেশাদারিত্ব ও মূল্যবোধের পরিপন্থী। অভিযুক্ত কর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবেক বানজাল ১৯৮৭ ব্যাচের একজন অভিজ্ঞ আইটিএস (ITS) অফিসার। দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন উচ্চপদস্থ আধিকারিকের সফর ঘিরে কেন এমন ‘ভিআইপি কালচার’-এর বহিঃপ্রকাশ ঘটবে, তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে সরকার। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে ওই সফর বাতিল করা হয়েছে ঠিকই, কিন্তু ডিরেক্টরের অস্বস্তি তাতে কমছে না।
