উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমরা প্রাতরাশে বাড়িতে এমন কিছু খাবার খেয়ে থাকি, যা কিন্তু আমাদের কোলেস্টেরল বাড়াতে পারে (Breakfast)। হার্টের স্বাস্থ্য নিয়ে যাঁরা সচেতন, তাঁদের প্রাতরাশে এই খাবারগুলি এড়িয়ে চলাই ভালো।
ন্যুডলস
প্যাকেজড নুডলস অনেকেই প্রাতরাশে খান। তবে ময়দাজাতীয় যেকোনও খাবার হার্টের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাছাড়া প্যাকেটজাত নুডলস প্রক্রিয়াকরণের সময়ে ভাজাও হয়। যা কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে।
লুচি, ময়দার পরোটা
ডুবো তেলে ভাজা লুচি বা ময়দা দিয়ে তৈরি পরোটার সঙ্গে তরকারি প্রাতরাশ হিসেবে খাওয়া হয়। কিন্তু তাতে কোলেস্টেরলকেই আমন্ত্রণ জানানো হয়। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা বাড়তে পারে নিয়মিত ডুবো তেলে ভাজা খাবার খেলে।
পাউরুটি
পাউরুটির টোস্ট খেয়েই প্রাতরাশ সারেন অনেকে। কিন্তু পাউরুটিও ময়দা দিয়ে তৈরি। এমনকি ব্রাউন ব্রেড বলে বাজারে যা পাওয়া যায় তাতেও আটার ভাগ থাকে নামমাত্র। তাতেও ময়দাই থাকে বেশি। যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। তাই এটিও এড়িয়ে যাওয়া ভালো।
কর্নফ্লেকস
প্রাতরাশে কর্নফ্লেকস খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের। বিষয়টিকে স্বাস্থ্যকর হিসেবে দেখা হলেও এতে থাকে চিনি, তা প্রক্রিয়াজাত খাবার। অর্থাৎ তা থেকে ক্যানসারের সম্ভাবনাও থাকে। এছাড়া কর্নফ্লেকসে মেশানো হয় স্বাদবর্ধকও। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
