উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এল ঐতিহাসিক ঘোষণা। এই প্রথমবার ভারতীয় মাটিতে পা রাখতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিখ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) ভারতের বিরুদ্ধে (Brazil Vs India) একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ‘সেলেসাও’রা। বুধবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে এই মেগা ম্যাচের কথা নিশ্চিত করেছে।
এর আগে ‘ইএসপিএন ব্রাজিল’-এর প্রতিবেদনে জানানো হয়েছিল যে, সিবিএফ ভারতে একটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চালাচ্ছে। ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন ভারতীয় সমর্থকদের উন্মাদনা এবং সোশ্যাল মিডিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাজিলের প্রতি ভালোবাসার ছবি ও দেওয়াল চিত্র বিশ্বজুড়ে নজর কেড়েছিল। মূলত সেই উন্মাদনার পরেই ভারত সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়।
সিবিএফ-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আমরা ইতিহাস গড়তে চলেছি। ভারতের বিশাল ফুটবলপ্রেমী এবং ব্রাজিলের একনিষ্ঠ সমর্থকদের সামনে খেলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুটি ম্যাচ খেলার পর ভারতে আসবে ব্রাজিল দল।
কলকাতার সঙ্গে ব্রাজিলের দীর্ঘ সম্পর্কের নস্ট্যালজিয়া
কলকাতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের আবেগ নতুন নয়। ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় এসেছিলেন খোদ পেলে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। আর ২০২৬ সালের বিশ্বকাপেও শহর কলকাতা ফের হলুদ ও সবুজের প্লাবনে ভেসে গিয়েছিল। অলিগলি থেকে বিশাল হোডিং—সব জায়গাতেই ছিল ব্রাজিলের জয়জয়কার।
বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা নজর কেড়েছিলেন। তবে এই প্রীতি ম্যাচটি সম্পূর্ণ আলাদা গুরুত্ব বহন করছে। এই প্রথম সিনিয়র পুরুষ দল হিসেবে ভারতীয় মাটিতে খেলবে ব্রাজিল, যা সুনীল ছেত্রীদের উত্তরসূরি ‘ব্লু টাইগার্স’দের কাছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তির বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নেওয়ার এক দারুণ সুযোগ।

