উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার এনুমারেশন ফর্ম (Enumeration kind) বিলি করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিএলও (BLO)। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। ফর্ম বিলি করার সময় রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি (Cerebral assault)। পরিবারের অভিযোগ, এসআইআর (SIR) সংক্রান্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
জানা গিয়েছে, কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলও-র দায়িত্বে রয়েছেন নবগ্রামের বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাস। অন্যান্য দিনের মতোই বুধবার সকালে এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এনুমারেশন ফর্ম বিলি, তা ফেরত নেওয়া ও কিউআর কোড স্ক্যান করে তা আপলোড করতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিলেন তপতীদেবী। রাতেও ঠিকভাবে ঘুমোতে পারছিলেন না তিনি। ফর্ম জমা দেওয়ার জন্য বারবার ফোন আসছিল। এই মানসিক চাপের জেরেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাই সুগার এবং হাই ব্লাড প্রেসারের কারণে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তপতীদেবী। তাঁর শরীরের বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার সকালেই মালবাজারে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই ঘটনার পরই কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও এক বিএলও অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসতেই বিএলওদের কাজের চাপ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
