হেমতাবাদ: নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি এবং চরম মানসিক হেনস্তার শিকার হয়ে আত্মঘাতী হলো এক ১৬ বছরের নাবালিকা! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) হেমতাবাদে (Hemtabad)। ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ ও নাবালিকার মধ্যে দীর্ঘ দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি অভিযুক্ত তরুণ নিজের মোবাইলে তুলে রেখেছিল। সম্প্রতি ওই নাবালিকার অন্যত্র বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পরই বিবাদের সূত্রপাত। অভিযোগ, পুরোনো সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই নাবালিকাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল অভিযুক্ত প্রেমিক। মনে করা হচ্ছে, সেই অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরেই বাড়ির অদূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। এনিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী অতনু দাস জানান, ধৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছে পুলিশ (Police)।

