উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দার্জিলিং জেলার খড়িবাড়ি (Khoribari) ব্লকের বিন্নাবাড়ি (Binnabari Underpass) অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার কথা এবার দেশের সর্বোচ্চ আইনসভায় তুলে ধরলেন সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)। সোমবার সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রেল আন্ডারপাস নির্মাণের (Binnabari Rail Underpass Demand) জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি নজরে আনেন। শ্রিংলার দাবি, একটি আন্ডারপাস না থাকায় ওই অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
কৃষক ও পড়ুয়াদের দুর্ভোগ: সাংসদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রেললাইনটি ভৌগোলিকভাকে ওই অঞ্চলকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ফলে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। তাঁদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা একদিকে যেমন পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে কৃষিপণ্যের অপচয় ঘটিয়ে আর্থিক ক্ষতি করছে। এছাড়াও রেললাইনের অপর প্রান্তে অবস্থিত স্কুল ও গ্রামীণ হাসপাতালে পৌঁছাতে গিয়ে নিত্যদিন বিপাকে পড়তে হচ্ছে পড়ুয়া ও রোগীদের।
স্থায়ী সমাধানের প্রস্তাব: শ্রিংলা বলেন, এটি কেবল একটি পরিকাঠামোগত দাবি নয়, এটি সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে যুক্ত। তিনি আবেদন জানান যাতে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধন করে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র আওতাধীন এই রাস্তায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করা হয়। এর ফলে জরুরি স্বাস্থ্য পরিষেবা দ্রুততর হবে এবং এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধার সম্ভব হবে। সাংসদের এই উদ্যোগের পর এখন কী পদক্ষেপ করা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ভারত-নেপাল সীমান্ত লাগোয়া বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা।
