উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেআইনি বেটিং অ্যাপ মামলায় নতুন মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবরাজ সিংয়ের কাছ থেকে ২.৫ কোটি, ঊর্বশী রাউতেলার ২.০২ কোটি, নেহা শর্মার ১.২৬ কোটি, সোনু সুদের ১ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। তালিকায় রয়েছেন টলিউড তারকারাও—মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ এবং অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, 1xBet নামের বেআইনি বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে তদন্ত চলছে। দু’মাস আগে মিমি ও অঙ্কুশকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। অভিযুক্ত তারকাদের দাবি, তাঁরা কেবল চুক্তিভিত্তিক কাজ করেছিলেন এবং আর্থিক তছরুপ সম্পর্কে অবগত ছিলেন না।
