Berhampore | এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর!

Berhampore | এসআইআর ‘বিভ্রাট’: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর আতঙ্কে হৃদরোগে মৃত্যু স্বামীর!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বহরমপুর: নথিপত্রে নামের পদবীর ভুল, আর সেই সামান্য ত্রুটির জেরে ভিটেমাটি ছাড়া হওয়ার আতঙ্ক। এই দুইয়ের সাঁড়াশি চাপে প্রাণ হারালেন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা জয়নাল আনসারী! অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা বিবিকে বাংলাদেশে প্রত্যার্পণ করা হতে পারে—এই দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেখা বিবির নথিতে পদবী সংক্রান্ত কিছু বিভ্রান্তি ছিল। সেই কারণেই তাঁকে ডোমকল প্রশাসনিক কার্যালয়ে শুনানির জন্য তলব করা হয়। এরপর থেকেই জয়নাল আনসারীর মনে আতঙ্ক দানা বাঁধে। তিনি আশঙ্কা করতে থাকেন, শুনানির পর হয়তো তাঁর স্ত্রীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পরিবারের দাবি, এই দুশ্চিন্তায় জয়নাল নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিলেন। শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা অন্তঃসত্ত্বা রেখা বিবি। দুই নাবালক সন্তানকে নিয়ে এখন তাঁর ভবিষ্যৎ অন্ধকারে। সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন,”আমি অন্তঃসত্ত্বা, ঘরে দুটো ছোট ছেলেমেয়ে। শুধু নামের পদবীর ভুলের জন্য যদি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তবে এদের কী হবে? এই দুশ্চিন্তাতেই ও (স্বামী) শেষ হয়ে গেল। এই মৃত্যুর জন্য দায়ী কে? আমি এখন কোথায় যাব?”

এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছে। তাদের দাবি, নথিপত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষের মনে অহেতুক ভীতি সৃষ্টি করা হচ্ছে, যার ফলশ্রুতি এই মর্মান্তিক মৃত্যু। অন্যদিকে, এই ঘটনার পর ডোমকলের সাধারণ মানুষের মধ্যেও প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।বর্তমানে দুই সন্তান ও গর্ভস্থ সন্তানকে নিয়ে বিচার এবং আশ্রয়ের আশায় প্রশাসনের দরজায় কড়া নাড়ছেন রেখা বিবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *