উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) মৃত্যুর খবর। কেউ দাবি করেছিলেন ইরানি হামলায় তিনি খতম হয়েছেন, আবার কেউ বলেছিলেন তাঁর সাম্প্রতিক ভিডিওগুলো আসলে ‘এআই’ (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। সমস্ত জল্পনা আর ষড়যন্ত্রের তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে (Demise Rumors) এবার খোদ মার্কিন রাষ্ট্রদূতের (US Envoy) সঙ্গে ভিডিও বার্তায় ধরা দিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তবে কেবল ভিডিও পোস্ট করাই নয়, রসিকতার সুরে গুজব রটনাকারীদের জবাবও দিয়েছেন তিনি।
মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি-র (Mike Huckabee) সঙ্গে খোশমেজাজে হাঁটছেন নেতানিয়াহু (ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। সেই ভিডিওতে হাকাবি রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে পাঠিয়েছেন আপনি ঠিক আছেন কি না তা নিশ্চিত করতে।’ উত্তরে হেসেই নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ মাইক, আমি বেঁচে আছি।’ এরপরই তিনি তাঁর হাত দেখিয়ে এক চিমটি হেসে বলেন, ‘দেখুন, আমাদের হাতে কিন্তু পাঁচটাই আঙুল আছে।’ এই মন্তব্যটি মূলত সেইসব নেটিজেনদের উদ্দেশ্যে, যারা দাবি করেছিলেন নেতানিয়াহুর আগের ভিডিওতে তাঁর ছ’টি আঙুল দেখা গিয়েছে—যা সাধারণত এআই জেনারেটেড ভিডিওর একটি ত্রুটি হিসেবে ধরা হয়।
তবে ভিডিওটি কেবল ঠাট্টা-তামাশার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে হুংকার দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আজ আমি পাঞ্চ কার্ড থেকে আরও দুটো নাম মুছে দিয়েছি।’ তাঁর এই মন্তব্য সরাসরি ইরানের ওপর ইজরায়েলি বিমান হামলার দিকে ইঙ্গিত করে। উল্লেখ্য, সম্প্রতি ইরানি নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতা আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান সরকার। ইজরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, এই ঘাতক হামলার নেপথ্যে ছিল তাদেরই নিখুঁত পরিকল্পনা।
গত কয়েকদিনে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব এতটাই ছড়িয়েছিল যে ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এটিকে ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবর হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়। ইজরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার এই গুজবের পিছনে ইরানের মদতপুষ্ট সাইবার গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।
