উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন কার্যত সুতোর ওপর ঝুলছে। বিসিবি এবং ভারত সরকারের মধ্যে চলা দীর্ঘ টানাপোড়েন এবার আইসিসি-র নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটির দোরগোড়ায়! বৃহস্পতিবার ঢাকার অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানের পর, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে ফের বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সংঘাতের মূলে ‘নিরাপত্তা’ ও ‘মান-অভিমান’
বাংলাদেশ দলের ভারত সফরের বিরোধিতার পেছনে বিসিবি মূলত ‘নিরাপত্তাজনিত’ কারণকে ঢাল হিসেবে ব্যবহার করলেও, এর নেপথ্যে কাজ করছে এক গভীর ক্রিকেট-কূটনীতি। সূত্রের খবর, মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই আইপিএলে খেলতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা। আর তারই পালটা হিসেবে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, “ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস নয়, প্রয়োজনে শ্রীলঙ্কার মতো কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলি সরানো হোক।”
আইনি পথে সমাধানের আর্জি
বিসিবি-র পাঠানো ইমেলে আইসিসি-কে অনুরোধ করা হয়েছে বিষয়টি স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত নিরপেক্ষ বিরোধ নিষ্পত্তি কমিটির হাতে তুলে দিতে। ওই কমিটি যদি মনে করে ভারতের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় এবং ম্যাচ সরানোর রায় দেয়, তবেই তারা মাঠে নামবে। অন্যথায়, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের আসর থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে তারা।
আইসিসি-র কোর্টে বল
কলকাতা এবং মুম্বইয়ে বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক দেশ হিসেবে ভারত থেকে বিশ্বকাপ সরানোর কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি আইসিসি। বরং এর আগে আইসিসি জানিয়েছিল, খেলতে হলে ভারতেই আসতে হবে। ফলে, বিসিবি-র এই নতুন ইমেল আইসিসি-র ওপর কতটা চাপ তৈরি করতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।
