Basanti BJP Candidate Assault | বাসন্তীতে ধুন্ধুমার! বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপর হামলা, ভাঙল গাড়ি, এফআইআরের নির্দেশ কমিশনের

Basanti BJP Candidate Assault | বাসন্তীতে ধুন্ধুমার! বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপর হামলা, ভাঙল গাড়ি, এফআইআরের নির্দেশ কমিশনের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে ঘিরে ধরে মারধর এবং তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (Basanti BJP Candidate Assault)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন দ্রুত হস্তক্ষেপ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছে।

বুধবার সকালে বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকায় বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, ৭৬ নম্বর ওয়ার্ডে পৌঁছাতেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন একদল যুবক। এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রার্থীকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা ইঁট ও লাঠি দিয়ে তাঁর গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেয়।

বিকাশ সর্দারের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আধিকারিকরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁরাও আক্রান্ত হন। এমনকি এক জওয়ানের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত কোনোক্রমে প্রার্থীকে গাড়িতে তুলে এলাকা ছাড়ে তাঁর নিরাপত্তা দল। অভিযোগ, সেই সময়ও দুষ্কৃতীরা বেশ কিছুটা পথ গাড়ির পিছু ধাওয়া করে।

ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। প্রার্থীর ওপর হামলার ঘটনায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, “কেন্দ্রীয় বাহিনী সামনে থাকলেও তাঁরা নিষ্ক্রিয় ছিল। উল্টে আমাকেই চুপ থাকতে বলা হচ্ছিল।”

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বাসন্তীর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *