উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Baruipur Homicide) অভিযোগে ফুঁসছে জনতা। পরিস্থিতি সামাল দিতে এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে আসরে নামতে হল খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁর কড়া বার্তার পরই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরু করল পুলিশ।
শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার ভোরের আলো ফুটতেই বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পাশবিক অত্যাচারের পর খুন করা হয়েছে ওই কিশোরীকে। এই ঘটনার তীব্র প্রতিবাদে কুলপি রোডে মৃতদেহ আটকে রেখে শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনেও প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, এক অভিযুক্তকে হাতের নাগালে পেয়ে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা। অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
অগ্নিগর্ভ পরিস্থিতির খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরেই তিনি সরাসরি ফোনে কথা বলেন নিহত নাবালিকার বাবার সঙ্গে। দোষীদের চরম শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি, আগামী মঙ্গলবার পরিবারটিকে ভবানীভবনে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। রবিবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি (Extra SP) পিনাকী দত্তের নেতৃত্বে গঠন করা হয় ৬ সদস্যের একটি সিট। এই ধর্ষণ ও খুনের ঘটনায় ১ জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। মূল চক্রীদের ধরতে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চলছে।
নাবালিকার মৃত্যুর ঘটনায় যেমন কড়া পদক্ষেপ করা হচ্ছে, তেমনই আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘটনাকেও বরদাস্ত করছে না প্রশাসন। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ এবং গণপিটুনিতে অভিযুক্তকে খুনের অভিযোগে বারুইপুর থানার পুলিশ একটি পৃথক স্বতঃপ্রণোদিত (suo motu) মামলা দায়ের করেছে। এই হিংসার ঘটনায় যারা জড়িত, সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে তাদেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

