উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুরের (Baruipur) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চলা সাম্প্রতিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় এবার পুলিশের জালে সিপিএম নেতা লাহেক আলি (Lahek Ali)। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এলাকায় অশান্তি ছড়ানো, পুলিশকর্মীদের উপরে হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ইন্ধন জোগানোর অভিযোগে এই গ্রেপ্তারি বলে জানা গেছে। উল্লেখ্য, লাহেক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের মনোনীত প্রার্থী ছিলেন।
গত ৫ জুলাই, রবিবার নাবালিকা হত্যা ও ধর্ষণের ঘটনার পর বারুইপুর উত্তাল হয়ে ওঠে। সেই বিক্ষোভের সময় রাস্তা অবরোধ, সরকারি সম্পত্তির ক্ষতি এবং কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। পুলিশের দাবি, লাহেক আলি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং অশান্তিতে প্ররোচনা দিয়েছেন। এ পর্যন্ত এই ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লাহেক আলির গ্রেপ্তারের পরেই শাসক ও বিরোধী শিবিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন। সুজনবাবুর কথায়, পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। অশান্তির অনেক পরে লাহেক ঘটনাস্থলে পৌঁছেছিলেন। নিরপেক্ষ তদন্ত হলেই সত্য সামনে আসবে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের দাবি, তথ্য-প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অশান্তি ও ভাঙচুরের ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

