বর্ধমান: ভোটার তালিকার নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার মাঝপথেই উধাও হয়ে গিয়েছিলেন বিএলও অমিত কুমার মণ্ডল। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর ওডিশার পুরী থেকে তাঁকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার তাঁকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কাটোয়া ১ নম্বর ব্লকের বিকাহাটের বাসিন্দা অমিত বাবু পেশায় কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি কাটোয়া বিধানসভার ২৩ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বরত ছিলেন। জানা গেছে, ওই শিক্ষক বড় অঙ্কের টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন। সাম্প্রতিক মন্দায় তাঁর প্রায় লক্ষাধিক টাকা লোকসান হয়। পাওনাদারদের ক্রমবর্ধমান চাপ সহ্য করতে না পেরেই গত ২৩ ডিসেম্বর তিনি ঘর ছাড়েন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
গত ২৩ ডিসেম্বর নিজের পরিচয়পত্র ও নির্বাচনের যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র বাড়িতে রেখেই বেপাত্তা হয়ে যান অমিত বাবু। তাঁর ভাই অভিজিৎ মণ্ডল কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। এসআইআর শুনানির মুখে একজন বিএলও নিখোঁজ হওয়ায় প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ছড়ায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কাটোয়া থেকে প্রথমে কলকাতা এবং পরে ওড়িশার পুরীতে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে কাটোয়ায় ফিরিয়ে আনা হয়েছে।
অমিত বাবু উদ্ধার হওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন কাটোয়া মহকুমা প্রশাসনের আধিকারিকরা। কারণ ২৩ নম্বর বুথের ৩০ জন ভোটারের শুনানির জন্য ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছিল। বিএলও-র উপস্থিতি ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল। তাঁর অনুপস্থিতিতে নির্বাচন সংক্রান্ত কাজে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল।
