বর্ধমান: বর্ধমান রেঞ্জের ডিআইজির (DIG) নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হল রাজস্থানের এক যুবককে। বর্ধমান সাইবার থানার পুলিশের হাতে ধৃত ওই ব্যক্তির নাম সলমন খান। রাজস্থানের শিকরি থানার বুদলি গ্রামে তার বাড়ি। স্থানীয় থানার সাহায্য নিয়ে বর্ধমান সাইবার থানার পুলিশ ১৯ বছর বয়সী সলমনকে গ্রেপ্তার করে।
রাজস্থানের শিকরির অতিরিক্ত সিজেএম আদালতে ধৃতকে পেশ করে চারদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান সাইবার থানার তদন্তকারী অফিসারের সেই আবেদন মঞ্জুর করে শিকরির আদালত। পুলিশের দাবি,বর্ধমান সাইবার থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদে সলমন ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ৫০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে নিয়েছে। এর পাশাপাশি তার সঙ্গে জড়িত থাকা বাকিদের কথাও সে পুলিশকে জানিয়েছে।
পুলিশ ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করে। প্রতারণা চক্রের বাকিদের হদিশ পেতে এবং হাতিয়ে নেওয়া ওই টাকা ও ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার। ভারপ্রাপ্ত সিজেএম সেই আবেদন মঞ্জুর করেছেন।
